বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, তখন গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল ৯০-৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি জাতির মেরুদণ্ড যদি দুর্বল হয়, তবে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।

এ সময় তিনি আরও বলেন, বিগত আমলগুলোতে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে আমাদের শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।

এ সময় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষক সমাজকেই নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে সচেতন। আমাদের দলের যে ভিশন ও পরিকল্পনা রয়েছে, তাতে শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে দেশজুড়ে আগত শিক্ষক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন— প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৮   ৮ বার পঠিত