![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে নজরুল বর্ষ উদযাপন এবং সাহিত্য পত্রিকা ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদরপুর শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সদরপুরের সভাপতি কবির হোসাইন। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান, সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, সুজন ফরিদপুরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এছাড়াও কবি-সাহিত্যিক, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং আমার প্রিয় সাহিত্যানুরাগী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে নজরুল ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি রেজভী জামান ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, কবিতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন প্রয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চা নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ তুলে ধরতে সহায়তা করে।
তাঁরা আরও বলেন, সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে স্থানীয় লেখক, কবি ও সাহিত্যপ্রেমীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পান। নিয়মিত সাহিত্যচর্চা সমাজে মুক্তবুদ্ধি, মানবিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখতে পারে।
পরে নজরুলসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৭ ৩৮ বার পঠিত