![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মঞ্চে সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিয়ের পদ্ধতি প্রদর্শন, কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং আরবি-বাংলা সুন্দর হাতের লেখার নৈপুণ্য ক্ষুদে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ ও মেধা প্রদর্শনী।
রবিবার (১১ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়ে নিজেদের দক্ষতা তুলে ধরে। তাদের পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজা। বক্তব্য দেন ডা. সুমন রায় এবং মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিবাহ সম্পাদনের পদ্ধতি মঞ্চে হাতে-কলমে প্রদর্শন করে। পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং আরবি ও বাংলা সুন্দর হাতের লেখার প্রদর্শনীর মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। বাংলা ও ইংরেজি বিষয়েও নিজেদের মৌলিক দক্ষতার পরিচয় দেয় তারা।
বক্তব্যে ডা. সুমন রায় শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। ডেঙ্গুজ্বর, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সন্তানদের প্রতি যত্নবান হতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।
মুন্সি বিল্লাল হুসাইন বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা জরুরি। পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি বাস্তব জীবনে ধর্মীয় রীতিনীতি ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৩১:৫৩ ১১ বার পঠিত