![]()
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৮নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে এক বিশেষ খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় ওয়ার্ডের তামাকপট্টি শহীদ নগর ও আল আমিন নগর ব্রিজের নিচের খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহীন মাদবর সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরা।
খাল পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে সিটি প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “সিটি কর্পোরেশনের নাগরিকদের একটি পরিচ্ছন্ন, সুস্থ ও পরিবেশবান্ধব নগরী উপহার দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ১৮নং ওয়ার্ডের এই খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মশার উপদ্রব ও পরিবেশ দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে আজ থেকে আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি।”
নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, “শুধু পরিচ্ছন্নতাকর্মীদের কাজের ওপর নির্ভর করলে চলবে না। খালগুলো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি শহীদ নগর, আল আমিন নগরসহ পুরো নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা নির্দিষ্ট স্থান ছাড়া খালে বা ড্রেনে কোনো প্রকার বর্জ্য কিংবা পলিথিন ফেলবেন না। নাগরিক সচেতনতা ছাড়া একটি সুন্দর নগরী গড়ে তোলা অসম্ভব। আমরা দ্রুততম সময়ের মধ্যে নাসিকের প্রতিটি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো সচল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
এদিকে সিটি কর্পোরেশনের এই তাৎক্ষণিক ও জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ এবং সমাজসেবক শাহীন মাদবর বলেন, ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে ময়লা জমে পানির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। নাসিকের এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে তামাকপট্টি, শহীদ নগর ও আল আমিন নগর এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগ ও জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। একই সাথে এই কার্যক্রমের নিয়মিত তদারকি নিশ্চিত করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তারা জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮:১৮:২৪ ৯ বার পঠিত