সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমের কষ্ট লাঘবে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে ১৫টি বৈদ্যুতিক ফ্যান উপহার দেওয়া হয়েছে।

একই সঙ্গে হাসপাতালে দীর্ঘদিন ধরে গাইনি চিকিৎসক না থাকায় দ্রুত চিকিৎসক পদায়নের উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত গরমে রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে এলে তিনি তাঁদের স্বস্তির জন্য ১৫টি বৈদ্যুতিক ফ্যান দেওয়ার ঘোষণা দেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নেওয়াজ মুস্তাফিজ চৌধুরীর সঙ্গে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় গত তিন বছর ধরে হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকার বিষয়টি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই সংসদ সদস্য।
প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুরের সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন এবং আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত একজন গাইনি চিকিৎসক পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কমানো এবং তাঁদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রসূতি মা ও নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত গাইনি চিকিৎসক পদায়নের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পরিদর্শনের পর তাঁর ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই তাঁর নেতাকর্মীরা ১৫টি ফ্যান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবিদ হাসানের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী বোরহান উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩০   ৭ বার পঠিত