বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



---

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। আজ ডেপুটি স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, ইউএনডিপি বাংলাদেশে খুবই ঘনিষ্ঠভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে সংসদ-সদস্যদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাষ্ট্রের যেকোনো গণতান্ত্রিক সংস্কারে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইতিবাচক ভূমিকা পালন করছে।

ডেপুটি স্পীকার ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সম্পর্কে বলেন, এদেশের তরুণ প্রজন্ম বিগত সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। জেন-জি’র দেখানো পথ ধরেই পৃথিবীর অনেক দেশেই স্বৈরাচারী শাসকগণ উৎখাত হয়েছে। জেন-জি এবং আপামর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এদেশে স্বৈরাচারী শাসনের অবসান হয় এবং জনগণের ভোটাধিকারের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনব্যবস্থা খুবই উদার এবং গণতান্ত্রিক।

ডেপুটি স্পীকার বলেন, দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে বর্তমান সরকার খুবই আন্তরিক। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন। তিনি বলেন, ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তনে বেগম খালেদা জিয়ার অবদান অগ্রগণ্য।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, ১৯৭২ সাল থেকেই বাংলাদেশের সাথে ইউএনডিপি’র সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউএনডিপি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, জাতীয় সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ-সদস্যগণের জন্য বিভিন্ন অরিয়েন্টেশন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা প্রদানে ইউএনডিপি সবসময় প্রস্তুত। বিশেষ করে সংসদীয় কমিটিকে সহায়তা প্রদান এবং লিঙ্গ সমতা পলিসি বাস্তবায়ন করার জন্য ইউএনডিপি আগ্রহী।

ডেপুটি স্পীকার প্রতিনিধিদলের সাথে মতবিনিময় কালে বলেন, রাষ্ট্রকাঠামোতে আমলাতান্ত্রিক সংস্কার খুবই প্রয়োজন। এই প্রসঙ্গে ইউএনডিপি’র ডেপুটি আবাসিক প্রতিনিধি বলেন, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের মূল্যায়ন জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সারাদেশে প্রায় ৩২৫টি প্রশিক্ষণ ইন্সটিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদানের পদ্ধতিতে পরিবর্তনের পাশাপাশি বাস্তব এবং জ্ঞানভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

বৈঠকে ইউএনডিপি’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪১   ১৫ বার পঠিত