বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ

রাজশাহী অঞ্চলের যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও নগর অবকাঠামোর উন্নয়নে মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে। এ পরিকল্পনার আওতায় ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, ফোর লেন সড়ক, ২৫০ শয্যার হাসপাতাল ও ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার অফিসার্স ক্লাবে বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী নগরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টারপ্ল্যান গ্রহণ করা হচ্ছে। আধুনিক অবকাঠামো গড়ে তোলা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ চলছে।

রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতিকে এ অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, দেশের সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সচিবদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের কল্যাণ এবং বৃহত্তর রাজশাহী অঞ্চলের উন্নয়নে তাদের অবদান রাখার আহ্বান জানান তিনি।

মিজানুর রহমান মিনু আরো বলেন, বৃহত্তর রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ অঞ্চলের মেধাবী ও দক্ষ কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহীর সার্বিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত ছয়জন সচিবকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

সংবর্ধিত ব্যক্তিরা হলেন— রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব এ.কে.এম. বেনজামিন রিয়াজী।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৩   ১৮ বার পঠিত