বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বুধবার দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠকের (এফওসি) ফাঁকে দেশটির তিন মন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কিরগিজস্তানের শ্রম, সামাজিক সুরক্ষা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশি কর্মীদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কিরগিজ পক্ষ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে শ্রমের যে ক্রমবর্ধমান চাহিদা তৈরি হয়েছে, তা মেটাতে তারা আরও বেশি বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। সম্ভাব্য কর্মসংস্থান খাতগুলোর মধ্যে রয়েছে নির্মাণ, বস্ত্র, ওষুধ, ডিজিটাল সেবা, কৃষি ও শিক্ষাদান।

উভয় পক্ষ নিরাপদ ও সুশৃঙ্খল শ্রম গতিশীলতা সহজতর করতে সরকার-টু-সরকার(জি-টু-জি) সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করে এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা খতিয়ে দেখে।

কিরগিজ উপশ্রমমন্ত্রী কর্মসংস্থান ও অভিবাসন সংক্রান্ত সহযোগিতা আরও এগিয়ে নিতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

অপর এক বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

দুই পক্ষ তুলনামূলক সুবিধা এবং ইউরেশীয় বাজারে সম্ভাব্য প্রবেশের সুযোগ বিবেচনায় নিয়ে তুলা উৎপাদন, বস্ত্র ও তৈরি পোশাক (আরএমজি) শিল্পে সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করে। তারা ওষুধ খাতকেও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতার একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।

উভয় পক্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।
তারা ইউরেশীয় ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার বাড়াতে জেনারেল সিস্টেম অব প্রেফারেন্সেস সুবিধা ব্যবহারের সুযোগ নিয়েও আলোচনা করেন।

কিরগিজস্তানের বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে পৃথক এক বৈঠকে পররাষ্ট্র সচিব শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় শিক্ষাগত বিনিময় বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিরগিজস্তানে উচ্চশিক্ষা গ্রহণের বড় সুযোগ তৈরির ওপর আলোকপাত করা হয়।

কিরগিজ মন্ত্রী জানান যে, ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হতে পারে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে ইসামাতোভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কিরগিজ মন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

এই বৈঠকগুলোতে প্রথাগত কূটনৈতিক সম্পর্কের বাইরে গিয়ে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, মানবসম্পদ গতিশীলতা ও শিক্ষা অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে বহুমুখী করার ক্ষেত্রে দুই দেশের ক্রমবর্ধমান আগ্রহ প্রতিফলিত হয়েছে।

তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ