![]()
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্মীয় ভেদাভেদের কোনো স্থান নেই। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনে সরকার সর্বাত্মক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ লালমনিরহাট কালেক্টরেট মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সরকারি সহায়তা হিসেবে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সে ঠিকভাবে পালন করবে। এই সরকার তা বিশ্বাস করে। তাই সরকার সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক নিরাপত্তা দেবে।’
তিনি আরও বলেন, ‘আগের সবকিছুকে ছাড়িয়ে এবার দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হবে।’
অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৯৭ হাজার ২০০ কেজি জিআর চাল বিতরণ করা হয়। এ ছাড়া লালমনিরহাট পৌরসভার ২৫টি মন্দিরে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
পাশাপাশি হতদরিদ্র মানুষের সহায়তায় প্রতিটি মন্দির থেকে ১০ জন করে ব্যক্তিকে ৩০ কেজি করে চাল ও বস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর লালমনিরহাট জেলায় মোট ৪৭৯টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:০৫:৫২ ১৩ বার পঠিত