![]()
কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন আপনাদের পাশে থাকি। এই দল সবসময় আপনাদের পাশে রয়েছে। উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে প্রশাসনের প্রতিটি সেক্টর নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এর অন্যতম একটি বড় উদাহরণ হলো ফ্যামিলি কার্ড। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মূল লক্ষ্য হলো মাকে স্বাবলম্বী করে তোলা। মা যদি সুস্থ ও সবল থাকেন, তবে ওই পরিবারটিও ভালো থাকে।”
ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৫ ৩৬ বার পঠিত