শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

বাউল সাধক লালন সাঁইয়ের মানবিক দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

আজ শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর শাহী ঈদগাহে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাউল সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করবে। লালন সাঁইয়ের মানবিক দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করা সম্ভব।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনা এবং সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিয়ুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু।

এর আগে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

স্মরণানুষ্ঠানে বাউল সাধক লালন সাঁইয়ের জীবন, দর্শন ও লোকসংগীতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তার মানবতাবাদী দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৭   ১৫ বার পঠিত