শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম পাতা » খেলাধুলা » প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

রাকিবুল ৭৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। মুমিন করেন ৫৪ রান এবং ওপেনার জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ৫০ রান। শুরুতে ভয়াবহ বিপর্যয়ে পড়ার পরও তাঁদের ব্যাটিংয়ে বাংলাদেশ ৮ উইকেটে ২৫০ রানের লড়াকু সংগ্রহ গড়ে।

জবাবে রিজনের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেন জারিফ। তাঁর ব্যাটিংয়েই পরবর্তী সময়ে বড় সংগ্রহ গড়ার ভিত্তি পায় দল।

জারিফের উইকেটসহ ১১১ রানে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রাকিবুল ও মুমিন। মুমিন আউট হওয়ার পরও ইনিংসের হাল ধরে রাখেন রাকিবুল। নিচের সারির ব্যাটারদের নিয়ে বাংলাদেশকে ২৫০ রানে পৌঁছে দেন তিনি।

আফগানিস্তানের হয়ে ইমরান মোহাম্মাদি ৫৭ রানে তিনটি উইকেট নেন। লুতফুল্লাহ মোহাম্মাদি পান দুটি উইকেট, খরচ করেন ২৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আফগানিস্তানের ব্যাটারদের চাপে রাখেন রিজন। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা।

রিজনকে দারুণ সহায়তা করেন আতিউর রহমান। তিনি ৩২ রানে দুটি উইকেট নেন। জারিফ সিয়ামও ২৭ রানে একটি উইকেট তুলে নেন।

আফগানিস্তানের হয়ে একমাত্র হামজা খানই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। তাঁর ৫১ রানের ইনিংসেই দুই শ রানের গন্ডি পেরোয় দলটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের সামনে টিকতে পারেনি আফগানিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৫   ৯ বার পঠিত