![]()
নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, সিসি ক্যামেরা, জেনারেটর, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির টহল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ঐতিহাসিকভাবেই এখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে চমৎকার সম্প্রীতি বজায় রয়েছে। এখন পর্যন্ত পূজা উদ্যাপন অত্যন্ত সুন্দর পরিবেশে চলছে। বাকি দিনগুলোতেও এ পরিবেশ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রায়হান কবির বলেন, জেলার ২৪০টি পূজামণ্ডপে সরকারের দেওয়া উপহার পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও আর্থিক সহায়তাসহ বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন।
পূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। এ ছাড়া পূজা উদ্যাপন কমিটি, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকেরা সহযোগিতা করছেন। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি ও সাধারণ মানুষ সমন্বিতভাবে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদ্যাপন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জের সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদ্যাপনের এই বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে এবং দেশজুড়েই দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা জানান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান, সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত রুবেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:০১:১২ ১৫ বার পঠিত