![]()
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামি হাকিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকায় একটি বাড়ির ভাড়াটিয়া বাসার তালাবদ্ধ ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করা হয়।
ওই বাড়ির মালিক বাতেনের বাড়িতে হাকিম মোল্লার ভাড়া নেওয়া সেমিপাকা টিনশেড ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. জসিম উদ্দিন এবং মা পান্না আক্তার।
এ ঘটনায় নাদিমের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঘটনাটি তদন্তে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাজ শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ছয় ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি হাকিম মোল্লাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম মাহাবুব মোল্লা। তিনি নড়াইলের নড়াগাতী থানার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম মোল্লা নাদিমকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যার কথা জানিয়েছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
বাংলাদেশ সময়: ০:০৩:২৫ ১০ বার পঠিত