![]()
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা বিদেশি কর্মীদের ‘ইনডেনচার্ড সার্ভেন্টস বা চুক্তিবদ্ধ দাস বলার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি তার ভারতীয় শ্বশুর-শাশুড়ির কথা উল্লেখ করে জানান, তিনি তাদের ভালোবাসেন।
রবিবার (১৮ অক্টোবর) ভ্যান্স বলেন, ‘আমার বক্তব্যের ভাষা হয়তো যথাযথ ছিল না।’ তবে তার মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে এমন ভারসাম্য থাকতে হবে, যাতে বিদেশি কর্মীদের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি মার্কিন কর্মীদের স্বার্থও সুরক্ষিত থাকে।
হিন্দুস্তান টাইমস বলছে, ভ্যান্সের স্ত্রী ঊষা ভ্যান্সের পরিবারের শিকড় দক্ষিণ ভারতে। তাঁর শ্বশুর-শাশুড়ি ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন।
ভ্যান্স বলেন, ‘আপনারা জানেন, আমার পরিবারের শিকড় কোথায়। দক্ষিণ ভারত থেকে যুক্তরাষ্ট্রে আসা আমার শাশুড়ি ও শ্বশুরকে আমি ভালোবাসি। তাঁদের মেয়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। তিনি এখন দেশটির সেকেন্ড লেডি।
আমি তাঁকে নিয়ে গর্বিত এবং তাঁকে অনেক ভালোবাসি।’
অভিবাসননীতিতে ভারসাম্যের পক্ষে ভ্যান্স
ভ্যান্সের ভাষ্য, যুক্তরাষ্ট্রে অবদান রাখতে আগ্রহী বিদেশি কর্মীদের স্বাগত জানানো উচিত। তবে কোনো প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগের যুক্তি দেখিয়ে আগে থেকে কর্মরত মার্কিন নাগরিকদের চাকরি থেকে বাদ দিতে পারে না।
তিনি বলেন, ধরুন, এক ট্রিলিয়ন ডলারের কোনো প্রতিষ্ঠান দাবি করল, তাদের বিদ্যমান কর্মী সমাজ থেকে একজন হিসাবরক্ষক নিয়োগ করা সম্ভব নয়। অথচ একই সময়ে তারা আগে থেকে কর্মরত একজন হিসাবরক্ষককে চাকরিচ্যুত করে।
ভ্যান্সের মতে, এমন পরিস্থিতি ন্যায্য নয়।
ভ্যান্স আরো বলেন, এ ধরনের ব্যবস্থা অভিবাসী কর্মী ও মার্কিন কর্মী—উভয়ের জন্যই ভালো নয়। তাই অভিবাসনব্যবস্থায় সঠিক ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।
ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি মাসের শুরুতে কয়েকটি প্রতিষ্ঠানের পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বা পিইআরএমের আওতায় আবেদনপ্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়। এর মধ্যে ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি।
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় পিইআরএম একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে নিয়োগকর্তারা যুক্তরাষ্ট্রে এইচ-১বি বা অন্য ভিসায় কর্মরত বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদনে স্পনসর করতে পারেন।
এই কর্মসূচিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার সময় ভ্যান্স মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি মার্কিন কর্মী নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, যে কাজ কোনো মার্কিন কর্মী করতে আগ্রহী, সেই কাজের জন্য বিদেশ থেকে ‘চুক্তিবদ্ধ দাস’ আমদানি বন্ধ করা উচিত।
ভ্যান্সের বক্তব্যের প্রতিবাদ ভারতের
বিদেশি পেশাজীবীদের ‘চুক্তিবদ্ধ দাস’ হিসেবে বর্ণনা করার ঘটনায় এর আগে প্রতিবাদ জানিয়েছিল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যটিকে অযৌক্তিক ও গভীরভাবে আপত্তিকর বলে অভিহিত করে।
মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীরা উচ্চশিক্ষিত ও দক্ষ। দেশটির অর্থনীতি এবং উদ্ভাবন খাতে তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের এভাবে বর্ণনা করা সেই অবদানকে উপেক্ষা করে।
ভারত আরও বলেছিল, টিসিএস ও ইনফোসিসের মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড-সংক্রান্ত আবেদন প্রক্রিয়ায় মার্কিন প্রশাসনের স্থগিতাদেশ দুই দেশের অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই বিতর্কে ভ্যান্সের সর্বশেষ বক্তব্যে বিদেশি কর্মীদের প্রতি সম্মান দেখানোর কথা বলা হলেও, মার্কিন কর্মীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁর অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৬ ৯ বার পঠিত