
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা আহ্বান করাকে কেন্দ্র করে সুমন মিয়া (৩৪) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকায় আব্দুল জলিলের বাড়ির সামনের একটি টং দোকানে এ ঘটনা ঘটে।
আহত সুমন মিয়া ভাটারা ইউনিয়নের পারপাড়া গোপীনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুমন মিয়া জানান, এলাকায় মাদকের ভয়াবহতা রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে রোববার বাদ মাগরিবের পর একটি আলোচনা সভার আয়োজন করেন। কিন্তু সভা শুরু হওয়ার আগেই একই এলাকার অভিযুক্ত বাবু মিয়াসহ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথার দুটি স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
এ ন্যাক্কারজনক ঘটনার পর থেকে পারপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তদন্তসাপেক্ষে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বাবু মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে এখনো পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ২২:৪০:৫৭ ৫৭ বার পঠিত