
২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের আত্মবিশ্বাসে চিড় ধরেছিল। সেই পরাজয়ের গ্লানি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আজ। ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
শুরু থেকেই আক্রমণে ধার ছিল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি। প্রথমার্ধ শেষে ১৩-৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তার। একাই ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। আলপনার পাশাপাশি বাংলাদেশের আক্রমণে কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিঞ্জ। দুজনই করেছেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি, সায়মা জান্নাত সীমা ৪টি এবং মাসুদা আক্তার ২টি গোল করেছেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।
চার দলের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বড় জয় দিয়ে শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারবে বাংলাদেশ। কাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ সময়: ০:০১:৪৬ ৮ বার পঠিত