
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে সবাই মিলে কাজ করতে হবে।
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন উপলক্ষে আজ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। এ সময় সাজেদা ফাউন্ডেশনের কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসিক সুস্থতার গুরুত্ব, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
তারা বলেন, মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করার পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় সেবা গ্রহণে উৎসাহিত করবে।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:২১ ১০ বার পঠিত