
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির ‘আনভীর ক্রিকেট স্টেডিয়ামে’।
এতে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৬ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১৯ অক্টোবর) স্টেডিয়ামটির সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ বিভাগের ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।
এসময় বিসিবির প্রতিনিধি দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসা ও সংবাদকর্মীদের জন্য বরাদ্দ সুবিধাসহ সার্বিক দিক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল বাতেন বলেন, ‘আমরা আসলে প্রথমে ধন্যবাদ দিতে চাই এবিজি স্পোর্টস সিটিকে।
এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।’
এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ।
সবাই সহযোগিতাপরায়ণ ও সহায়তাপ্রবণ। উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার জায়গা, সংবাদ কাভারেজের ব্যবস্থা দেখেছি। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে যোগ করেন তিনি।
বিসিবির এই পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান ও এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই মাঠে আগামী ২২ ও ২৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য খেলার আয়োজন হলেও, এই প্রথম বিদেশি কোনো জাতীয় দলের খেলা হবে স্টেডিয়ামটিতে।
আরো পড়ুন যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ
যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ
এবিজি স্পোর্টস সিটিতে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজও চলছে। ফলে বর্তমান স্টেডিয়ামে আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সম্ভাবনা তৈরি করবে বলে আশা সংশ্লিষ্টদের।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’
বাংলাদেশ সময়: ১৬:৫২:৩০ ৫ বার পঠিত #ক্রিকেট