সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী

‘লালন শাহের মানবপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও জীবন দর্শন ধারণ করাই হচ্ছে আজকের দিনে প্রকৃত শিক্ষার সার্থকতা। মানুষকে ধনী-দরিদ্র্, ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের পরিচয়ে আলাদা না করে মানুষ হিসেবে সম্মান জানানোই লালনের মূল শিক্ষা।

​ সোমবার (১৯ অক্টোবর) কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁই ছিলেন একজন আধ্যাত্মিক সেবক। যেই সময়ে সমাজে জাতপাত ও ধনী-দরিদ্রের তীব্র ভেদাভেদ ছিল, সে সময়ে তিনি অসাম্প্রদায়িকতা ও মানবপ্রেমের বাণী ছড়িয়েছেন। পীর, মাশায়েখ ও সাধু-দরবেশদের দর্শনেই এদেশের আবহমান সংস্কৃতি ও ইতিহাস সমৃদ্ধ হয়েছে।

শিক্ষা ও জীবনের পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল সারা বছর লালনের গান শুনে বিনোদন লাভ করলেই চলবে না। লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুসঙ্গ করতে হবে। জানা বিষয়টি যদি আমাদের জীবনযাপনকে স্পর্শ না করে এবং ইতিবাচক পরিবর্তন না আনে, তবে এ জাতীয় আয়োজন নিরর্থক।

প্রতিমন্ত্রী বলেন, একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর শিক্ষা সেখানেই যেখানে সে মানুষকে মানুষ হিসেবে চিনতে ও শ্রদ্ধা করতে শেখে।

​বর্তমান বৈশ্বিক উত্তপ্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে প্রতিনিয়ত রণহুংকার ও ধ্বংসাত্মক আয়োজন চলছে, যার পরিণতি অশান্তি ও বিপর্যয়। এই প্রেক্ষাপটে লালনের মানবসেবার দর্শন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সকল ক্ষুদ্রতা, সংকীর্ণতা ও সামাজিক বিভক্তি ভুলে গিয়ে বঙ্গোপসাগর বা আকাশের মতো উদার হৃদয় নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনি লালন আখড়ার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

​কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন প্রাবন্ধিক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী।

অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির নেতারা। দেশ-বিদেশের বিপুল সংখ্যক লালন ভক্ত, গবেষক ও দর্শনার্থী এই সমাপনী আয়োজনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৩   ৯ বার পঠিত