
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। দুর্গোৎসবের চতুর্থ এ তিথি আনন্দ, ভক্তি ও দেবীর বিদায়ের সূচনার এক বিশেষ দিন। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
এদিন নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি।
সনাতন শাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে।
রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনে পূজা হবে দেবী দুর্গার।
পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন।
মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের হৃদয়ে বাজবে বিষাদের সুর।
গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:০৭ ৬ বার পঠিত