![]()
ঢাকার সাভারে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার সালগাড়িয়া সরদারপাড়ার আব্দুল লতিফ সরকারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), নুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রেজাউল কবির (৫৪), রাধানগর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে ওবায়দুর রহমান (৬৮) এবং গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল বারী সরকারের ছেলে মো. সুজন (৪৩)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৯:২০ ১৩ বার পঠিত