বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রিপন মিয়া (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের তেঁতুলতলা বাজার সংলগ্ন সেজনুর স-মিলের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রিপন মিয়া সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও ইউনিয়ন কৃষক দলের সাবেক সহ-সভাপতি।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর এসআই (নিঃ) মোঃ শাহজাহানের নেতৃত্বে এএসআই সোহরাব হোসেন ও সঙ্গীয় ফোর্স সরিষাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভবানীপুর তেঁতুলতলা বাজার এলাকায় এক ব্যক্তি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে।

​তথ্যটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ৯টা ৪০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রিপন মিয়া। পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধৃত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন।

​পরবর্তীতে স্থানীয় ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ৫০ পিস কমলা রঙের ইয়াবা (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। রাত ১০টায় পরিমাপ ও গণনা শেষে জব্দতালিকা প্রস্তুত করে আলামত ও আসামিকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় পালানোর চেষ্টাকালে পুলিশের সাথে হালকা দস্তাদস্তিতে রিপন মিয়ার ঠোঁটে সামান্য আঘাত লাগে। তাকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০:২০:১০   ৪৮ বার পঠিত