![]()
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আরো দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে শার্শা থানা পুলিশ এ অভিযান চালায়। আটক আলাউদ্দিন শার্শা থানাধীন হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
শার্শা থানার ওসি শামিনুল হক ও এসআই জাহিদুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দিনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১৮টি স্বর্ণবার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, এ ঘটনায় নিয়মিত চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক দুই ব্যক্তির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক আলাউদ্দিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৫১:১০ ১১ বার পঠিত