
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় এক নারী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়ন পারপাড়া গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নারী শাহানা বেগমকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাজেদা বেগম (৫৫) বাদী হয়ে একই এলাকার নুর মোহাম্মদ ফকির (৪০), সুমন ফকির (৩০) ও তাদের পিতা জামাল উদ্দিন ফকির (৬০)-কে নামীয় এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত মজনু মিয়ার স্ত্রী সাজেদা বেগমের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা রামদা, দা, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাজেদা বেগমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
বাদী এর প্রতিবাদ করলে নুর মোহাম্মদ ফকিরের হুকুমে হামলাকারীরা চড়াও হয়। শাশুড়িকে বাঁচাতে তার পুত্রবধূ শাহানা বেগম এগিয়ে এলে সুমন ফকির রামদা দিয়ে তার মাথায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। শাহানা মাটিতে পড়ে গেলে জামাল উদ্দিন ফকির দা দিয়ে তার বাম পায়ের হাঁটুতে কোপ দেয় এবং নুর মোহাম্মদ ফকির লোহার রড দিয়ে আঘাত করে তার বাম হাতের কনুই ও পায়ের গোড়ালি ভেঙে দেয়। বিবাদীরা সাজেদা বেগমকেও এলোপাতাড়ি মারধর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনা কালীন সময় আহত নারীর গলা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া বিবাদীরা ঘরবাড়িতে তাণ্ডব চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের একটি সেলো মেশিন, আড়াই লাখ টাকা মূল্যের একটি হালচাষের ট্রাক্টর এবং ঘরে থাকা প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর মোহাম্মদ ফকির মারধরের বিষয়টি অস্বীকার করে একে ‘সাজানো নাটক’ বলে দাবি করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ১৩:৫৩:০০ ৬ বার পঠিত