বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার

সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ এমন একটা পরিবেশ সৃষ্টি করে গেছে সমাজের ভালো লোকের নির্বাচন করা সম্ভব হয়নি।
আশা করি, এ অবস্থার অবসান হবে, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল, কিন্তু নেয়নি।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চ পর্যায়ের ব্যক্তি যারা আছেন তাদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, আগামী নির্বাচনগুলো অবশ্যই সুষ্ঠু হবে। নির্বাচনগুলো অবশ্যই নিরপেক্ষ সুষ্ঠু হওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ স্তর।
সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে।’

তিনি আরো বলেন, ‘অতীতে আওয়ামী লীগের আমলে এসব নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন কমিশনের ওপরও আমাদের আস্থা আছে। ইতিমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেটি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে।’

এর আগে বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘সমাজের নিকৃষ্ট যে লোকটা সেটাই এমপি-মন্ত্রী হয়।
এসব কথা আমি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বলেছি।’

ভোলার প্রাকৃতিক গ্যাস নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ। আপাতত দৃষ্টিতে দেশের মোট রিজার্ভের সমান গ্যাস ইতিমধ্যে ভোলায় দেখা যাচ্ছে। আমরা আশা করি, আরো বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে। এসব গ্যাস কিভাবে ব্যবহার হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সহজ অপশন ভোলাতেই রয়েছে। এ ছাড়া ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।’

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৫   ২৬ বার পঠিত   #