![]()
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
বৃহস্পতিবার সকালে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগে নিহতের সংখ্যা একজন বলা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। প্রথমে একজনের মৃত্যুর খবর জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায়।
নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক।
আহত আটজনের মধ্যে সৌদি আরব, ভারত, ইয়েমেন, নেপাল ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। তাদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জিএসিএ আরো জানায়, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে বিমানবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলে চারটি ড্রোন শনাক্ত করে আটক ও ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনগুলোর সঙ্গে বিমানবন্দরে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৯ ১০ বার পঠিত #আরবের বিমানবন্দর #সৌদি আরব