![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: পরিবারের অভাব ঘোচাতে পাড়ি জমিয়েছিলেন দূর চট্টগ্রামে মো. ফরহাদ শেখ (৩৫) নামে বোয়ালমারীর এক যুবক।
শ্রমিকের কাজ করে উপার্জন করতেন আর স্বপ্ন দেখতেন পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাঁর মৃত্যুতে শোকের মাতম চলছে গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগরে।
ফরহাদ শেখ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহরাব শেখের ছেলে। পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন। পরিবারের জন্য তাঁর এই দূর শহরে পাড়ি জমানোই শেষ পর্যন্ত হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দিন (২২ অক্টোবর) সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় ফরহাদের একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা চট্টগ্রামে ছুটে যান। ওই দিন রাতেই মর্গে ফরহাদের মরদেহ শনাক্ত করেন তাঁরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর স্বজন ও প্রতিবেশীরা। যে মানুষটি পরিবারের সচ্ছলতার আশায় দূর শহরে শ্রম বিক্রি করতেন, সেই মানুষটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না তাঁরা। পরিবারের জন্য উপার্জন করতে গিয়ে অকালে ঝরে গেল একটি প্রাণ; থেমে গেল ঘিরে রাখা স্বপ্নগুলোও। ফরহাদের মৃত্যুতে চুকিনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৯ ১১ বার পঠিত