![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : তরুণ প্রজন্ম খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে মাদক থেকে দূরে থাকবে বলে মন্তব্য করেছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসিবুল হাসান হাসিব বলেন, খেলাধুলা মানুষের মন ভালো রাখে। এটি আনন্দের মাধ্যম। তরুণরা খেলার মাঠে থাকলে বিপথে যাবে না।
টুর্নামেন্টে নওয়াপাড়ার একটি অংশ বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কয়েকজন তাঁর কাছে আপত্তি জানিয়েছেন। মাঠে যারা নিয়মিত খেলেন, তাদের নিয়ে দল করার যুক্তি থাকলেও কেউ বাদ পড়লে তা দুঃখজনক।
তিনি বলেন, আমি তোমাদের ভাই বা চাচার মতো। অনুরোধ করব, ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে খেলার আয়োজন করবে। মতের অমিল থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আমাকেও সবাই পছন্দ করবে, এমন নয়।
তিনি আয়োজকদের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে খেলাধুলা আয়োজনের আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, সমাজসেবক সেলিম রেজা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমির হোসেন, গোলাম রব্বানীসহ আয়োজক কমিটির সদস্য ও যুবসমাজের নেতৃবৃন্দ।
চারদলীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে রেড ওয়ারিয়র্স, ব্ল্যাক প্যান্থার, ব্লু স্ট্রাইকার ও গ্রিন টাইটানস। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় রেড ওয়ারিয়র্স বনাম ব্ল্যাক প্যান্থার এবং ব্লু স্ট্রাইকার বনাম গ্রিন টাইটানস।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩১ ১০ বার পঠিত