
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় টোল দেওয়াকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীর ছেলেকে মারধর এবং পরবর্তীতে খবর নিতে গেলে আরেক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ অবরোধ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ফরিদুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন বিকেলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলটি পাশে রেখে পাঁচ টাকা টোল দিতে সামান্য দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে কয়েকজন স্থানীয় গণমাধ্যমকর্মী কারণ জানতে টোলপ্লাজায় যান। অভিযোগ রয়েছে, কথা বলার একপর্যায়ে টোলপ্লাজার কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপরও হামলা চালায়। এই হামলায় শহিদুল ইসলাম তুফান নামে এক সাংবাদিক আহত হন।
হামলা ও মারধরের খবর ছড়িয়ে পড়লে আহত সাংবাদিকের স্বজন ও সুমনের বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে এসে জড়ো হন। তারা বিচারের দাবিতে প্রথমে জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় এবং পরবর্তীতে ব্রহ্মপুত্র সেতুর জামালপুর অংশের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করেন। এর ফলে জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়কের দুই পাশে শয়ে শয়ে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ভুক্তভোগী সাদিকুর রহমান সুমন বলেন, “মাত্র ৫ টাকা টোল দিতে একটু দেরি হওয়ায় আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। যারা এই অন্যায় কাজের সাথে জড়িত, আমি দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ঘটনাটি জামালপুর অংশে ঘটেছে, তাই জামালপুর জেলা পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”
বাংলাদেশ সময়: ১৩:৫৬:১০ ২৬ বার পঠিত