শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

প্রথম পাতা » খেলাধুলা » মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার-২০২৬’ জিতে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ঐতিহাসিক এই অর্জনের পর আবেগঘন বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব এফসি বার্সেলোনা।
২০২১ সালে কাতালান ক্লাবটিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন মেসি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে এই সম্মানজনক স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। পুরস্কার গ্রহণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বিশেষ বিবৃতি প্রকাশ করে বার্সেলোনা।

ক্লাবের অফিশিয়াল বার্তায় জানানো হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় লিও মেসিকে অভিনন্দন।
তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। তোমার অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার এবং মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে দীর্ঘ দুই দশকের সোনালি অতীত স্মরণ করে বার্সেলোনা আরও লিখেছে, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে এবং তোমার এই সম্পৃক্ততা সব সময় আমাদের গর্বের উৎস।’

এর আগে গত জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর স্পেনে মেসিকে এই সম্মাননা না দেওয়ার দাবিতে কিছু আবেদন ও পিটিশন জমা পড়েছিল। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নামই চূড়ান্ত রাখে।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। ক্লাবটির হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে রেকর্ড ৬৭২টি গোল করার পাশাপাশি ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।
২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন এই কিংবদন্তি, আর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:১৯:০৮   ২৫ বার পঠিত