![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষক ইমাম মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া এই মক্তব পরিচালনা করতেন। ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ভেতরেই ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি।
ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, সাক্ষীদের জবানবন্দি ও পর্যালোচিত তথ্যাদির ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৬ ১৩ বার পঠিত