![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় সংঘবদ্ধ চোরচক্রের হামলায় ইমাম হোসেন (৫০) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। চোরের দল ইমাম ও তার ভাতিজা সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ লাখ টাকা মূল্যের দুটি গরু লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া (দিয়ারকৃষ্ণা) গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইমাম হোসেন ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং সেলিম মিয়া (২৮) আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সশস্ত্র চোরের দল কৃষক ইমাম হোসেনের গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু বের করে দুটি গাড়িতে তোলে এবং আরেকটি তোলার চেষ্টা করে। টের পেয়ে ইমাম হোসেন ঘর থেকে বের হতে চাইলে চোরেরা বাইরে থেকে ঘরের দরজা আটকে দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে স্থানীয় কয়েকজন মোটরসাইকেল নিয়ে গরুগুলোর খোঁজে বের হন। খোঁজ নিয়ে ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় গরুভর্তি একটি পিকআপ দেখতে পেয়ে তারা কাছাকাছি পৌঁছালে চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইমাম হোসেন ও সেলিম মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে, তাদের মোটরসাইকেলের টায়ার ও ট্যাংকি ক্ষতিগ্রস্ত করে এবং নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর গরুগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় সিয়াম, সজীব ও রঞ্জু নামের আরও তিনজনকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। তারা অল্পের জন্য বেঁচে যায়। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ীর সাতপোয়া, কোনাবাড়ী, মাইজবাড়ি, বলারদিয়া এবং নতুন বিশ্বরোড সংলগ্ন এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকের দৌরাত্ম্য নিত্যদিনের ঘটনায় পরিণত হওয়ায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অস্ত্রধারী এই চোরচক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৮ ২২ বার পঠিত