![]()
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত চার দেশের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদার করতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৈঠক শুরুর খবর জানায়।
এতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া চার দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দেশগুলো আলোচনা অব্যাহত রাখবে। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে চার দেশের মধ্যে প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আয়োজন করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক প্রতিনিধিদের বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।
এদিকে রয়টার্স ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘মক্কা জোট’-এর সদস্য দেশগুলোর সঙ্গে তেহরানের আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি।
ওই কর্মকর্তা আরো বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দাবির প্রতি যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়া পর্যন্ত তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না।
বাংলাদেশ সময়: ১৭:৪২:২৩ ১২ বার পঠিত