![]()
বাংলাদেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থা পর্যালোচনায় নিরাপত্তা অডিট শুরু করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে জাতীয় ব্রিফিংয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ নিরীক্ষা চলবে।
আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউস্যাপ-সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা তদারকি ব্যবস্থার কার্যকারিতা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে মূল্যায়ন করা হবে।
সোমবারের ব্রিফিংয়ে বাংলাদেশের বিমান নিরাপত্তা তদারকি কাঠামো ও এ-সংক্রান্ত কার্যক্রম তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। আইকাওর অডিট দলের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন আইকাওর অডিট দলের সদস্যরা। এ সময় বেবিচক চেয়ারম্যান বলেন, এ নিরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার অর্জন ও উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করার সুযোগ তৈরি হবে।
নিরীক্ষায় পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক কর্মপরিকল্পনা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়নে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
নিরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নথি ও তথ্য যথাসময়ে সরবরাহের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুত রাখা এবং নির্ধারিত বিমানবন্দর ও স্থাপনাগুলোতে অডিট দলের প্রবেশাধিকার নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪২ ৯ বার পঠিত