বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল

হবিগঞ্জ প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের পথিকৃৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক, মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। তাই পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।”

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পীকার বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস কর্মকর্তা ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এ সময় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের সাহস, দেশপ্রেম ও দায়িত্ববোধ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাঙ্গন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; বরং সুনাগরিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার অন্যতম প্রধান ক্ষেত্র। সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাবে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যধি বিস্তার লাভ করছে। এসব সমস্যা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সাথে মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে বলেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পীকার বলেন, “শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক চেতনার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, তাদের আচরণ, দায়িত্ববোধ ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও মুক্তবুদ্ধির চর্চাকে উৎসাহিত করা জরুরি। শিক্ষাঙ্গনে সুস্থ বিতর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও জাতির কল্যাণে বড় অবদান রাখবে। তরুণ প্রজন্মকে জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ করে দেশ গঠনের প্রক্রিয়ায় তাদের চিন্তা ও মতামতকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্নীতিকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরে সততা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি আধুনিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “তোমাদের সাফল্যের দিকে বাবা-মায়ের পাশাপাশি পুরো দেশ ও জাতি তাকিয়ে আছে। নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।”

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জি কে গউছ, পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং প্রফেসর মোহাম্মদ আবদুল মজীদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৬   ৩০ বার পঠিত   #