বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শিবপুর উত্তরপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘ছাইতানি বিল’ রক্ষায় কোনো প্রশাসনিক পদক্ষেপ নেই—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত এক মাস ধরে এই বিলে নির্বিচারে ড্রেজিং চালিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি বা হস্তক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী চক্র নিয়মনীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বিলের মাটি ও বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিলের পাশের ফসলি জমি এবং বসতভিটাও ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

​এলাকাবাসী ড্রেজিং বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন। কিন্তু দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

​ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ ড্রেজিং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হোক এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ছাইতানি বিল ও স্থানীয় পরিবেশ রক্ষা করা হোক।

​এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং খুব দ্রুতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:২৬   ৪৬ বার পঠিত