![]()
তৈরি পোশাক (আরএমজি) খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করতে সবুজ বিনিয়োগ সম্প্রসারণ, পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি পোশাক প্রস্তুতকারকদের অর্থায়ন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন আলোচকরা।
তারা বলেন, পোশাক খাতের সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত আনুমানিক ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন।
আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের আরএমজি খাতে সবুজ অর্থায়নের পথ উন্মোচন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। লাইটক্যাসল পার্টনার্স ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। তিনি পোশাক শিল্পকে পরিবেশবান্ধব করতে টেকসই অর্থায়নের সুযোগ সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও জোরালো সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
আলোচনা পর্বে বক্তারা অর্থায়নের শর্ত ও প্রক্রিয়া সহজ করা, সরকারের সহায়তায় ঋণ নিশ্চয়তা ব্যবস্থা চালু এবং সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান।
তারা পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি গ্রহণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদনে বেশি বিনিয়োগ পোশাক খাতকে ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে।
তারা আরও বলেন, টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। একই সঙ্গে নারী পোশাক শ্রমিকদের জীবিকা ও কল্যাণ সুরক্ষা এবং সব আকারের কারখানার জন্য সবুজ অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট শৌমিক শাহরিয়ার পোশাক খাতের সবুজ বিনিয়োগে অর্থায়নের ঘাটতি, অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জালো নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরিয়া লোপেজ, সিটি ব্যাংক পিএলসির মোল্লা করিমুল ইসলাম তুহিন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাজমুল হক, শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের তাইফ হোসেন এবং ব্র্যাক ব্যাংক পিএলসির তাশমীম মুনতাজির চৌধুরী।
‘অপরাজিতা ফেজ-২: আরএমজি ইকোসিস্টেমে নারীদের জন্য ন্যায্য রূপান্তর’ কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন ও সিওএসের সহায়তায় পরিচালিত কর্মসূচিটিতে এশিয়া ফাউন্ডেশন মূল সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করছে। কর্মসূচির আওতায় লাইটক্যাসল পার্টনার্স ‘বুনন ২০৩০’ শীর্ষক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার লক্ষ্য তৈরি পোশাক খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা।
বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৯ ১৫ বার পঠিত