
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার শিমলা তাড়িয়াপাড়া গ্রামে স্থানীয়দের সহায়তায় তাদের কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
আটককৃত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মৃত রাজা আলী মন্ডলের ছেলে ও (প্রধান মধ্যস্থতাকারী এবং বাসার মালিক) মহর উদ্দিন হাজী। তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ভোলাদিয়ার চর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে
ওসমান আলী। তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিন্দুর আটা গ্রামের মৃত শাহজাহানের ছেলে ফজলু মিয়া। তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা খাতুন। তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
থানার বরাতে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় কার্যকর করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩:৪১:১৮ ১৩ বার পঠিত