
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান।
অভিযানকালে দুদক কর্মকর্তারা সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও দাপ্তরিক ফাইলপত্র পর্যালোচনা করেন। পরবর্তীতে পৌর এলাকার বাউশী বাজারসহ একাধিক স্থানে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে প্রকল্পের কাজের অগ্রগতি, বাস্তবায়নের সার্বিক অবস্থা এবং নির্মাণসামগ্রী ও কাজের মান পর্যবেক্ষণ করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ার পর প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের আওতায় থাকা তিনটি নির্দিষ্ট প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে দুদক টিম।
অভিযান শেষে উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ”সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করেছি। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, যা আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কাজ কিছুটা দৃশ্যমান মনে হলেও, কাজগুলো সম্পূর্ণ হয়েছে কি না তা নথিপত্র ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।”
দুদকের এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর সরিষাবাড়ী পৌর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা করছেন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং অনিয়ম হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০:২৮:২৩ ৯ বার পঠিত