![]()
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
এদিকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোশাক কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। তবে এরপরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। মৌচাক, কোনাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরে পৃথক তিনটি মামলা হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। এসব মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
গত দুই সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গতকালও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার সারা দেশে ৬৭০টি কারখানা বন্ধ ছিল। এ সময় প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২:০২:৫১ ৩০ বার পঠিত #গাজীপুরের পোশাক শ্রমিক আন্দোলন #ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক #ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক #ন্যূনতম মজুরি