বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » ‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



‎

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. শরিফুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

‎ ‎মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর নগরকান্দা উপজেলার বাড়ি থেকে বের হয়ে কসমেটিকস কেনার উদ্দেশ্যে যাবার পথে স্কুলছাত্রীকে অপহরণ করেন আসামি শরিফুল ইসলাম। পরে তাকে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগীর পিতা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।

‎ ‎রায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

‎ ‎রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে। অপরাধ করে কেউ আইনের শাস্তি থেকে রেহাই পাবে না।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৩৩   ২৩ বার পঠিত