বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : চরাঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৬১ জন সুবিধাভোগীর মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। বিনামূল্যে এ সহায়তা পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমি স্কুল মাঠে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। এর মধ্যে ৭৫ জনকে ২১টি করে মুরগি এবং ৮৬ জনকে ২৫টি করে হাঁস দেওয়া হয়। উপজেলার গোপালপুর ও টগরবন্দ চরাঞ্চলের নির্বাচিত অসহায় পরিবারগুলো এ সহায়তা পায়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, হাঁস-মুরগি পালনের মাধ্যমে অসহায় পরিবারগুলো নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধের মাধ্যমে হাঁস-মুরগি পালনকে আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।

হাঁস-মুরগি পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকজন সুবিধাভোগী বলেন, এ সহায়তা তাদের সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে। হাঁস-মুরগিগুলো যত্নসহকারে লালন-পালন করে নিজেদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করবেন তারা।

সংশ্লিষ্টদের এমন উদ্যোগে চরাঞ্চলের অসহায় পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১১:০৮   ৬ বার পঠিত