রবিবার, ৮ নভেম্বর ২০২৬

মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, পোশাকশিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, সে বিষয়ে মালিকপক্ষকে সচেতন থাকতে হবে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পোশাকশিল্প খাতকে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যক্রম নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহল কখনো সমালোচনা করেছে, আবার ভালো কাজের প্রশংসাও করেছে। ভবিষ্যতেও সবাইকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে রায়হান কবির বলেন, কারখানায় কোনো ঘটনা ঘটলে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি দেখা যায়। সাম্প্রতিক সংকটের মধ্য দিয়ে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ ধরনের দূরত্ব কমাতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, একটি কারখানায় শ্রমিককে ধরে নিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি ওই ঘটনায় ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার কথাও প্রচার করা হয়। কিন্তু কাকে বা কারা ধরে নিয়ে গেছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

তিনি বলেন, এ ধরনের গুজব শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি করে এবং কাজে অনীহা সৃষ্টি করে। তাই কারখানার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি যেকোনো তথ্য যাচাইয়ের ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

শ্রমিকদের কাছে সরকারের পরিকল্পনা ও সিদ্ধান্ত সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত এবং জানুয়ারি থেকে বেতন-ভাতার বিষয়ে শ্রমিকদের পরিষ্কারভাবে জানাতে হবে। এসব বিষয়ে যথাযথভাবে অবহিত করা হলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় আন্দোলনের আশঙ্কা কমবে।

জেলা প্রশাসক আরও বলেন, শিল্পকারখানায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে মালিক, শ্রমিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় জরুরি। পারস্পরিক যোগাযোগ ও আস্থা বাড়ানো গেলে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫২   ৭ বার পঠিত