রবিবার, ৮ নভেম্বর ২০২৬

আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল।
শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের দাবিটি যৌক্তিক। সরকার সেটা নিয়ে তাদের আন্দোলনের আগে থেকেই কাজ করছে।
যেহেতু আমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, শ্রম মন্ত্রণালয়ের কমিটিতে আছি, আমি এটা জানি। সরকার তাদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার জন্য কাজ করছিল।

নুর বলেন, শ্রমিকরা দাবি জানিয়েছে, সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে, শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে।
কারণ সরকারের প্রতি সেই আস্থাটা আছে।

দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির দেশে ফেরা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে যারা পালিয়ে গেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তাদের দেশে ফিরে আসা কিংবা রাজনীতিতে কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ সরকারের সঙ্গে থাকলে এসব অপশক্তি মোকাবেলা করা সম্ভব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবেলা করবে বলে বিশ্বাস করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার-নিষ্পেষণে দেশের মানুষ নির্যাতিত হয়েছে। অনেক মানুষ দেশে থাকতে পারেনি, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেনি। গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৯   ৭ বার পঠিত