![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে, কয়েক দিনের মধ্যে ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩১ ৮ বার পঠিত