মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি

জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিলের অর্থ দ্রুত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় পৌঁছানোর দাবি জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তারা উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের এক পার্শ্ব-আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোকে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। জলবায়ু অর্থায়নকে দাতব্য সহায়তা হিসেবে না দেখে ন্যায়বিচারের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা : গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ পার্শ্ব-আলোচনার আয়োজন করে এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ এবং এলডিসি ওয়াচ, নেপাল ও ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড। পার্শ্ব-আলোচনায় নেপালের এলডিসি ওয়াচের রেশমা শাক্য সঞ্চালনা করেন।

আলোচনায় এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে হবে। অর্থ যেন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে নিজস্ব বাজেটের বরাদ্দকে অগ্রাধিকার দিতে গ্লোবাল সাউথের সরকারগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসান বলেন, জলবায়ু অর্থায়ন কোনো দাতব্য সহায়তা নয়, এটি জলবায়ু ন্যায়বিচারের বিষয়। জলবায়ু পরিবর্তনে যেসব দেশের অবদান কম, তাদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আরও ঋণ নিতে বাধ্য করা উচিত নয়।

তিনি বলেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কে অর্থ দেবে, অর্থের উৎস কী হবে, কখন ও কী শর্তে তা দেওয়া হবে, কারা তা পাবে এবং এর মাধ্যমে কী পরিবর্তন আসবে- এসব বিষয় স্পষ্ট করতে হবে।

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পারমপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রার ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের মাধ্যমে বাস্তবে ঝুঁকি কমছে কি না এবং মানুষের জীবন-জীবিকা আরও সুরক্ষিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার লক্ষ্যে অর্থের উৎস, সময়সীমা ও অর্থায়নের ধরনও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে।

আলোচনায় বক্তারা আরও বলেন, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদার করতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থ বরাদ্দ, সহজে অর্থ পাওয়ার সুযোগ এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।

তারা বলেন, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। বড় দূষণকারী ও উচ্চ নির্গমনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক দায়ও যথাযথভাবে নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৩   ৪ বার পঠিত