![]()
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সোমবার বিকেলে তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস : ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের নীতিসংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা জানান।
চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি শাসনব্যবস্থা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংলাপটি সুইজারল্যান্ড দূতাবাস এবং ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আজ ঢাকায় প্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক, দক্ষিণের দেশসমূহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো সম্মিলিতভাবে আন্তর্জাতিক ফোরামে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।
নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করে তুলছে। এ অবস্থায় জনগণের মৌলিক চাহিদা, বিশেষত নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিন্ন স্বার্থ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক পরিসরে কার্যকর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান।
বাংলাদেশের সংসদ সদস্য এবং এনজিপিপি’র কোর সদস্য মনসুরা আক্তার, এমপি বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিফলিত হয়।
তিনি মানুষের পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন এবং অর্থায়নের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণ ও বাস্তব বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।
সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:২২ ৪ বার পঠিত