![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রুজিনা বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুজিনা বেগম ওই এলাকার বাবুল ঠাকুরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রুজিনা। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:১৫ ৬ বার পঠিত