বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে : বিমানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে : বিমানমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সমীক্ষা চলছে : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। একটি বিমানবন্দরের জন্য অনেক জমির দরকার, দুই হাজার একর জমির প্রয়োজন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে এক শ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর দরকার আছে বলে মনে হয় না। তবে ময়মনসিংহের ত্রিশালের দূরত্ব ঢাকা থেকে ১২১ কিলোমিটার। সমীক্ষায় সব কিছু ঠিক থাকলে আমরা এগোতে পারব।

দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশে সহিংসতার ঘটনা এআই প্রযুক্তির মাধ্যমে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কেউ পার পাবে না।

এদিন টাউন হলে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়া তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’- এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পক্ষে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়। পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন তিনি।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, মাহবুবুর রহমান লিটন, লুৎফুল্লাহেল মাজেদ, সিটি মেয়র রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:১২   ১১ বার পঠিত